5169
Loading ...

রমজানের সংযমের শিক্ষা কাজে লাগাতে হবে: নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এমপি আজীজুর রহমানের

আসাদুজ্জামান, শার্শা (যশোর) প্রতিনিধি: রমজান মাসের সংযম ও তাকওয়ার শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যশোরের শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) বাদ আসর কায়বা ইউনিয়নের রাড়িপুকুর মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করীম এবং কায়বা ইউনিয়নের তদারকি দায়িত্বপ্রাপ্ত আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. খালিদ হাসান। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আজীজুর রহমান বলেন, “রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসকে পুঁজি করে যদি কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায়, তাহলে তাকে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, “আমি এমপি হয়েছি—এটা আমার একার বিজয় নয়; এটি আপনাদের সবার বিজয়। আমার সামনে এখন দায়িত্ব ও পরীক্ষার সময় শুরু হয়েছে। আমি সেদিনই প্রকৃত সফল হব, যেদিন মৃত্যুর পর আল্লাহ আমাকে ক্ষমা করবেন।”

এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *