গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের দুর্বল নেটওয়ার্ক, ধীরগতির ইন্টারনেট এবং অপর্যাপ্ত গ্রাহকসেবার কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে রয়েছেন ব্যবহারকারীরা। এর সঙ্গে নরসিংদীতে টেলিটকের এক ডিলারের বিরুদ্ধে অনিয়ম, গাফিলতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রাহকরা।
জানা যায়, নরসিংদীতে টেলিটকের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স সাকির এন্ড ব্রাদার্সের মালিক হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। গ্রাহকদের দাবি, অনেক সময় রিচার্জ ও বিভিন্ন সেবা নিতে গিয়ে তারা নির্ধারিত ডিলার পয়েন্টে গিয়ে বন্ধ অবস্থায় পান, ফলে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন।
স্থানীয়দের অভিযোগ, টেলিটক গ্রাহকসেবা উন্নত করতে বিভিন্ন সময়ে কিছু সুবিধা বরাদ্দ দিলেও সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে গ্রাহকরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। অনেক এলাকায় বা ছোট বাজারে রিচার্জ ও সার্ভিস পয়েন্ট না থাকায় ব্যবহারকারীদের দূরে গিয়ে সেবা নিতে হচ্ছে।
টেলিটকের একটি সূত্র জানায়, গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে কিছু মোটরসাইকেল বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সেগুলো যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
এদিকে অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে মালিকানা পরিবর্তনের বিষয়টি কাগজে-কলমে দেখানো হলেও প্রকৃতপক্ষে পূর্বের পরিচালনাই বহাল রয়েছে বলে অনেকের ধারণা।
এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে টেলিটকের গ্রাহকরা সঠিক সেবা পেতে পারেন।

