শেখ আব্দুল্লাহ আল মামুন
সাতক্ষীরা প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৫ আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) কুমিরা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুল ইসলাম হাবিব, সাবেক সংসদ সদস্য, তালা-কলারোয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মো: এনামুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা; জনাব রেহেনা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সভাপতি, কুমিরা মহিলা কলেজ; জনাব বাবু মৃনাল কান্তি রায়, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং জনাব শেখ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান, কুমিরা ইউনিয়ন পরিষদ।
সভায় সভাপতিত্ব করেন জনাব মিসেস লুৎফুন আরা জামন, অধ্যক্ষ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ।
অনুষ্ঠানের আহবায়ক ছিলেন জনাব বিশ্বাস রফিকুল ইসলাম, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান কলেজ এবং সঞ্চালনায় ছিলেন জনাব মো: শফিকুল ইসলাম, অধ্যক্ষ, তালা মহিলা কলেজ।
প্রধান অতিথির বক্তব্যে-তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব বলেন-
“শিক্ষার মানোন্নয়ন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে শিক্ষা দর্শন রেখে গেছেন, তা হলো—আত্মনির্ভরশীলতা, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। শিক্ষার্থীদেরকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং সৃজনশীলতায় সমৃদ্ধ করতে হবে। শিক্ষক সমাজের দায়িত্ব হবে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং জিয়াউর রহমানের মতো দূরদর্শী নেতৃত্বের আদর্শ অনুসরণ করা।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি কলেজ-বিদ্যালয়কে মানসম্মত শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। শিক্ষা হবে চরিত্র গঠনের হাতিয়ার, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশকে এগিয়ে নিতে পারে।”
সভায় বক্তারা আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে শিক্ষার উপর। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, দক্ষ শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

