গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া মোড় এলাকায় সড়কে চলাচলকারী যানবাহন থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালকদের কাছ থেকে মাসিক ভিত্তিতে ৫০০ টাকা এবং অটোসহ অন্যান্য ছোট যানবাহন থেকে “সিরিয়াল” বা লাইনের নাম করে প্রতি গাড়ি থেকে ২০ টাকা করে আদায় করা হচ্ছে।
পারুলিয়া মোড় সংলগ্ন এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দেড় শতাধিক যানবাহন চলাচল করে। অভিযোগ রয়েছে, অনেক সিএনজির কাগজপত্র সঠিক না থাকায় চালকদের কাছ থেকে নেওয়া অর্থের একটি অংশ গোপনে একাধিক স্থানে বণ্টন করা হয়। কখনো কখনো মসজিদের নাম ব্যবহার করেও টাকা তোলা হয়, তবে স্থানীয়রা দাবি করেন, সেই অর্থ মসজিদের তহবিলে জমা দেওয়া হচ্ছে না।
এদিকে, গত ৪ মার্চ বুধবার চাঁদা তোলার প্রতিবাদ করায় ইসমাইল নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে সুলেমান মিধা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ইসমাইল জানান, তিনি জানতে চেয়েছিলেন কার নির্দেশে এবং কী কারণে টাকা নেওয়া হচ্ছে, এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে মারধর করেছেন।
পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া জানিয়েছেন, বিষয়টি বাজার কমিটির সভাপতি হুমায়ুনের কাছে জানানো হয়েছে, তবে এখনো কোনো সমাধান হয়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন মুঠোফোনে বলেন, পুলিশ কোনো গাড়ি থেকে টাকা আদায়ে জড়িত নয়। স্থানীয়ভাবে কেউ কমিটি করে অটো বা সিএনজি থেকে ২০ টাকা নিচ্ছে বলে শুনেছেন। তিনি বলেন, কেউ যদি বড় অঙ্কের চাঁদাবাজিতে জড়িত থাকে, তাদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ সড়কে বিভিন্ন অজুহাতে যানবাহন থেকে অর্থ আদায়ের অভিযোগ করছেন এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

