এম. বাদল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরদিন বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

