5169
Loading ...

বোয়ালখালীতে ৪ শিশুকে যৌন নিপীড়ন: শিক্ষক ইমতিয়াজ গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে কোমলমতি শিশুদের ওপর ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে। সে গত প্রায় দেড় থেকে দুই বছর ধরে নিজ বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াত। অভিযোগ উঠেছে, এই দীর্ঘ সময়ে সে বিভিন্ন সময় শিশুদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপ্রাকৃতিক যৌনচারে লিপ্ত হতো। ভুক্তভোগী চার শিশুর মধ্যে তিন জন মেয়ে ও এক জন ছেলে রয়েছে, যাদের প্রত্যেকের বয়স ১০ বছরের নিচে।

ভয়াবহ এই বিষয়টি সম্প্রতি জানাজানি হয় যখন শিশুরা শারীরিক অসুস্থতা ও যন্ত্রণার কথা তাদের অভিভাবকদের জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, শিশুরা প্রায়ই যৌনাঙ্গ ও পায়ুপথে তীব্র ব্যথা এবং রক্তক্ষরণের কথা বলত। এক পর্যায়ে শিশুরা শিক্ষকের এই পাশবিক আচরণের কথা প্রকাশ করে দেয়। তারা জানায়, শিক্ষক ইমতিয়াজ তাদের নিয়মিত যৌন নিপীড়ন চালাতেন এবং কাউকে কিছু না বলতে ভয় দেখাতেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ শিশুদের সাথে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রাথমিকভাবে চারজন ভুক্তভোগী শিশুর তথ্য পাওয়া গেছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, গৃহশিক্ষকের এমন জঘন্য লালসার শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই পৈশাচিক অপরাধের জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *