নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সফল অভিযান পরিচালনা করে আলোচনায় রয়েছেন শামীম আনোয়ার। এর আগেও দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে অপরাধীদের আইনের আওতায় এনে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সম্প্রতি নরসিংদীর মাধবদীতে সংঘটিত একটি চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নিহত কিশোরী আমেনার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ধারাবাহিক অভিযানে একের পর এক আসামি গ্রেফতার হলেও মামলার মূল হোতা নূরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।
অবশেষে গতকাল গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন এএসপি শামীম আনোয়ারের নেতৃত্বাধীন দল। অভিযানের পর মাঝরাতে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, “আমি কি এখন দেশবাসীর কাছ থেকে কোনো কারণে একটি ধন্যবাদ পেতে পারি??” — এই সংক্ষিপ্ত স্ট্যাটাসই মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পোস্টটিতে হাজারো লাইক ও মন্তব্য জমা পড়ে। অনেকেই তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অপরাধ দমনে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের এমন প্রতিক্রিয়া আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের প্রতি জনআস্থার প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

