আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। বিশেষ করে এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশন ও দূরপাল্লার বাসে খুব শিগগিরই এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আইসিটি খাতে সারা দেশে ব্যাপক কাজের সুযোগ রয়েছে এবং ধাপে ধাপে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে পরামর্শ করে টাঙ্গাইলের ১২টি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের বড় তিনটি টেকপার্কে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে কাজ চলছে।
মতবিনিময় সভায় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
শরীফা হকর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবীশ) লাবিবুজ্জামান মুস্তাবীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

