এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন।”
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একসময় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। পরে বিশ্লেষণ করে ক্ষতির কারণগুলো চিহ্নিত করা হয়েছে। সঠিক পরিকল্পনা ও সবার সদিচ্ছা থাকলে বিমানকে লাভজনক করা এবং টিকিটের দাম কমানো সম্ভব। হিসাব করেও দেখা গেছে, টিকিটের মূল্য কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা যাবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের কয়েকটি বিমানবন্দর বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার বিমানবন্দরের কথা উল্লেখ করেন। এসব বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে নতুন কোনো বিভাগে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হলে তা ময়মনসিংহে হতে পারে বলেও ইঙ্গিত দেন।
এ সময় তিনি বলেন, বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থবির হয়ে পড়েছিল। ওই মামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোঃ ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

