মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সকাভেটর (ভেক্যু) অচল করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত টানা অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি। উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের এএসপি মোঃ আনোয়ার পারভেজ, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।
প্রশাসন সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। পরে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সকাভেটর অচল করে দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের নির্মিত অস্থায়ী ছাউনি গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

