মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রথম ঘটনায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজদিখান থানার চরপানিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে চরপানিয়া গ্রামের দিলবরের বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. বাবু (৪৩), মো. হাসান (৩২) ও মো. কালাই চান (২০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিরাজদিখান থানা।
অন্যদিকে একই দিন বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া এলাকায় বাইতুল ফাতাহ জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সেলিম হাওলাদার ওরফে ড্যানি (৩২), পিতা: মৃত হালিম হাওলাদার এবং শান্ত শেখ (২১), পিতা: সবুজ শেখ। তারা উভয়ই টেঙ্গুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

