আরমান মজুমদার, গোবিপ্রবি প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘ইফতার মাহফিল ও বিশ্ববিদ্যালয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. সোহেল হোসেনের সভাপতিত্বে এবং বিগত কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।
নবনির্বাচিত সভাপতি মো. সোহেল হোসেন বলেন, সকল অন্যায়, অত্যাচার ও অনিয়মের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন। কুরআন ও শরিয়াভিত্তিক আদর্শ ধারণ করে সাংগঠনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও নৈতিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইসলামী সংস্কৃতি চর্চা ও আদর্শিক জীবন গঠনে সহযাত্রী হয়ে কাজ করারও অঙ্গীকার করেন নবনির্বাচিত নেতারা।

