মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় গভীর রাতে একটি আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় সভাপতি শেখ হাসিনা-র ছবি টাঙিয়ে রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলিত এবং শেখ হাসিনার ছবি টাঙানো অবস্থায় দেখতে পান। তবে এ সময় কার্যালয়ের আশপাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ে এসে পতাকা উত্তোলন ও ছবি টাঙিয়ে রেখে চলে যায়। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

