মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জে পৃথক অভিযানে মোট ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিরাজদিখান থানা পুলিশের পরিচালিত এসব অভিযানে দুইজনকে আটক করা হয়।
প্রথম অভিযানে, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে মুন্সিগঞ্জ সদর থানাধীন মিরেশ্বরাই এলাকায় ৫০ পিস ইয়াবাসহ মোঃ স্বপন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। রাত ৯টা ৩৫ মিনিটে সন্দেহভাজন স্বপন মিয়াকে তল্লাশি করে তার কাছে থাকা সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন মিয়া মুন্সিগঞ্জ সদর থানার মিরেশ্বরাই মাদবর বাড়ি এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
অন্যদিকে একই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর মৃধা (৪৬) নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শেখরনগর থেকে আলমপুরগামী সড়কের মোখলেছের ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জাহাঙ্গীর মৃধাকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর মৃধা সিরাজদিখান উপজেলার ঘনশ্যামপুর এলাকার বাসিন্দা।
উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

