সাব্বির হোসেন, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই মরদেহটি খুঁজে পান স্থানীয় কৃষকরা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কৃষিকাজ করতে গিয়ে তারা ভুট্টা ক্ষেতের ভেতরে মরদেহটি দেখে চিৎকার করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে গ্রামবাসীর তৎপরতায় লালমনিরহাট সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে কি না বা তার পরিচয় এখনও নিশ্চিত নয়। পরিচয় শনাক্তের জন্য পার্শ্ববর্তী জেলা ও থানাগুলোকে বার্তা পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের পর স্পষ্ট হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

