মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে বিতর্কিত বা অস্বস্তিকর বক্তব্যের শঙ্কা থাকলে তিনি নিজেকে সম্পূর্ণ বিরত রাখবেন।
আজ বুধবার তিনি ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানান, গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে একজন আওয়ামীপন্থী আইনজীবী ব্যক্তিগত মত প্রকাশ করেছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ও শালীনতা রক্ষায় তিনি কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি, তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি হলে তিনি অনুষ্ঠান বর্জন করবেন।
এমপি রতন বলেন, তিনি হৃদয়ে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করেন এবং এ চেতনা সমুন্নত রাখার অনুরোধ করেন। তিনি জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা পরিপন্থী কোনো কাজ বা বক্তব্য সমর্থন করবেন না।
সাথে তিনি মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে তার নাম ও ছবি ব্যবহার করে টানানো সকল ব্যানার, পোস্টার ও ফেস্টুন দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে এই ধরনের প্রচারণার পক্ষপাতী নন এবং পরিবেশ সুন্দর রাখার স্বার্থে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এগুলো দ্রুত সরানোর আহ্বান জানিয়েছেন।

