রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উন্নয়ন সমন্বয় কমিটি এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমের সামগ্রিক চিত্র পর্যালোচনা করা হয় এবং যানজট দূরীকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধ, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্যের বিস্তার রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায়ই শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য, কৃষি, এলজিইডি, শিক্ষা, প্রকল্প বাস্তবায়ন ও সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

