গৌরব সাহা, নরসিংদী: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে সরকার ইতোমধ্যেই নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, আমদানি করা ওষুধের কিছু স্যাম্পল নেওয়া হয়েছে এবং এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। ওষুধ কার্যকর না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই ওষুধ কার্যকর হবে।
তিনি আরও বলেন, মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। এজন্য মশক নিধন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষভাবে ডেঙ্গু মোকাবিলায়। পাশাপাশি জনগণকে এই কার্যক্রমে সহায়তার জন্য আহ্বান জানানো হয়।

