5169
Loading ...

জামালপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জামালপুরের জেলা ও উপজেলা শহরসহ গ্রামগঞ্জের ছোট-বড় দোকানগুলোতে জমে উঠেছে জমজমাট কেনাকাটা। জেলার সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন শোরুম ও পোশাকের দোকানে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রোজার প্রথম দিকে কেনাকাটা তেমন চোখে না পড়লেও রোজার দ্বিতীয় সপ্তাহ না পেরুতেই শুরু হয়েছে জমজমাট বেচাকেনা। ধনী-গরিব সব শ্রেণি-পেশার মানুষ এবং সব বয়সী নারী-পুরুষ এখন ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন।

জেলার বিভিন্ন শহরের বিপণিবিতান ঘুরে দেখা যায়, উঠতি বয়সের মেয়েরা মিলিয়ে কিনছেন জামা, জুতা, কসমেটিকস ও জুয়েলারি। একই সঙ্গে পাল্লা দিয়ে সব বয়সের পুরুষরাও দেশি-বিদেশি পোশাক কেনায় ব্যস্ত সময় পার করছেন।

ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে কমবেশি বেচাকেনা চলছে। ছোট-বড় সব মার্কেটেই শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও বিভিন্ন রেডিমেড পোশাক কেনার জন্য ভিড় করছেন ক্রেতারা। শিশু ও নারীদের পাশাপাশি ছেলেরাও ঈদের নতুন পোশাক কিনতে ভিড় করছেন দোকানগুলোতে।

জেলা শহরের কথাকলি মার্কেটের কয়েকজন দোকান মালিক জানান, এবার রোজার প্রথম দিক থেকেই কমবেশি কেনাবেচা হচ্ছে। তবে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই কেনাবেচা আরও বাড়বে বলে আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *