মুশফিকুর রহমান সোহেল, জেলা প্রতিনিধি, বান্দরবান: বান্দরবান জেলা শহরে সদর এপি গ্রাউসের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) জেলা শহরের বিভিন্ন এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় গ্রাউসের প্রজেক্ট ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজ সোনিয়া আফরোজ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার আশিষ হালদার উপস্থিত ছিলেন। এছাড়া গ্রাউসের ফিল্ড অফিসার পাশা, চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরাম ও ইম্প্যাক্ট প্লাসের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানটি বান্দরবানের বাস স্টেশন এলাকা থেকে শুরু হয়ে ট্রাফিক মোড় পর্যন্ত পরিচালিত হয়ে শেষ হয়।
জানা যায়, বান্দরবান সদর এপি গ্রাউসের বাস্তবায়নে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। পাশাপাশি বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা টিমের সদস্য ও ‘বান্দরবান বিড়ি ক্লিন’ সংগঠনের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এমন জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে পৌর এলাকার বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রশংসা করেছেন।

