মুশফিকুর রহমান সোহেল, জেলা প্রতিনিধি, বান্দরবান: বাংলাদেশে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্পের উদ্বোধনের প্রথম ধাপে বান্দরবানের ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বক্তারা জানান, এটি একটি জাতীয় কর্মসূচি। সারাদেশে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শূন্য দশমিক ৫ একরের কম জমির মালিক পরিবারগুলো ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করা।
বান্দরবান পার্বত্য জেলায় বাঙালিসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
সরকার দেশের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে।

