মোঃ মিরাজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটার উন্মাদনা। সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরের মার্কেট ও বড় শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে খালাশপীর রোডের ‘নিউ নূর গার্মেন্টস’সহ স্থানীয় পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি।
সরেজমিনে দেখা গেছে, কাপড়ের পট্টি এবং বড় শপিং মলগুলোতে বিক্রেতাদের জন্য দম ফেলার ফুরসত নেই। ক্রেতাদের চাহিদা মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। বিক্রেতারা জানিয়েছেন, রোজার মাঝামাঝি সময় থেকেই কেনাকাটা পূর্ণ গতিতে শুরু হয়েছে। এবারের বাহারি ডিজাইনের থ্রি-পিস, লেহেঙ্গা, পাঞ্জাবি এবং শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি।
নিউ নূর গার্মেন্টসের মতো দোকানগুলোতে শার্ট, প্যান্ট, ওয়ান-পিস, বোরকা, হিজাব এবং ছোট শিশুদের বাহারি পোশাকের বিশাল সংগ্রহ দেখা যাচ্ছে। পরিবারের জন্য নতুন পোশাক কিনতে আসা এক ক্রেতা বলেন, “এবারের ঈদ কালেকশন বেশ ভালো। দাম কিছুটা বেশি মনে হচ্ছে, তবে সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি কিনছি।”
ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে পৌর শহর ও গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যানজট নিরসন এবং ক্রেতাদের নির্বিঘ্ন চলাচলের জন্য পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
সব মিলিয়ে উৎসবের আমেজে মেতেছে পীরগঞ্জের মানুষ। রমজানের শেষ দিনগুলোতে বেচাকেনা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

