5169
Loading ...

জামালপুরে গুড়ের কারখানায় চিনি+হাইড্রোজ স্ক্যান্ডাল, দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা!

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের নান্দিনা বাজারে অভিযান চালিয়ে গুড় তৈরিতে চিনি মিশানো এবং মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে জরিমানা করেন। অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো সদর উপজেলার নান্দিনা বাজারের মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়ত। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে নান্দিনা গো-হাটি বাজারের আটটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দোকানের কাঁচামাল পরিদর্শন করা হয়। কর্মকর্তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খাদ্যে ক্ষতিকারক উপাদান আছে কিনা পরীক্ষা করেন। পরীক্ষায় মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়তে চিনি মিশ্রিত গুড়, পচা নালি, গুড় বীজ এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ‘হাইড্রোজ’ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও ইমন হোসেনের মাধ্যমে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ জানান, হাইড্রোজ মূলত শিল্প-কারখানায় ব্যবহৃত একটি রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। গুড় বা অন্যান্য খাদ্যদ্রব্যকে সাদা ও আকর্ষণীয় দেখাতে এটি ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা। নিয়মিত গ্রহণে মানুষের শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা এবং দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *