5169
Loading ...

মুন্সিগঞ্জে মাছ বাজারের টোল স্থগিত! হাইকোর্টের সিদ্ধান্তে ব্যবসায়ীদের স্বস্তি

মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের মাছ বাজারে টোল নির্ধারণ সংক্রান্ত টেন্ডারের দুটি রেট চার্টের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিকল্প হিসেবে অন্য একটি ক্রমিক অনুযায়ী টোল আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্ট এ আদেশ দেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শফিকুল ইসলাম।

জানা গেছে, মুন্সীগঞ্জ পৌরসভা প্রতি বছরের মতো চলতি বছরও শহরের প্রধান মাছ বাজার ইজারা দেওয়ার জন্য ২৬ ফেব্রুয়ারি টেন্ডার আহ্বান করে। তবে টেন্ডারের ৭৬ ও ৭৭ নম্বর ক্রমিকের রেট চার্টে অসামঞ্জস্য ও অতিরিক্ত টোল আরোপের অভিযোগ তুলে মৎস্য ব্যবসায়ীরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

সিডিউল অনুযায়ী, ৭৬ নম্বর ক্রমিকের অধীনে পাইকারি বিক্রি করলে বিক্রয়মূল্যের ওপর শতকরা ৪ টাকা এবং ৭৭ নম্বর ক্রমিক অনুযায়ী খুচরা বিক্রিতে শতকরা ৩ টাকা টোল দিতে হবে। কিন্তু ৭৮ ও ৭৯ নম্বর ক্রমিক অনুযায়ী বড় দোকান বা চাটাই প্রতি ৭ টাকা এবং ছোট দোকান বা চাটাই প্রতি ৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, অন্যান্য পণ্যের ক্ষেত্রে এমন শতকরা হারে টোল নেই। উদাহরণস্বরূপ, কাঁচামাল ও তরিতরকারি, হাঁস-মুরগি ও মাংস বিক্রেতাদের ক্ষেত্রে নির্দিষ্ট ফিক্সড টোল রয়েছে। তাই মাছের ক্ষেত্রে আলাদা করে শতকরা হারে টোল আরোপ অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।

পৌর সচিব আব্দুর রব বলেন, আদালতের কাগজ কোর্টের মাধ্যমে আসলে গ্রহণ সম্ভব। পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব জানান, হাইকোর্টের আদেশ হাতে পেলেই টেন্ডার কার্যক্রম স্থগিত করা হবে, না হলে প্রক্রিয়া চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *