আবদুল্লাহ্ আল মামুন অন্তর, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সেগুলোর স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুইটি ভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে উপজেলার তবকপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তবকপুর ইউনিয়নে অবস্থিত ‘এইচ বি ইউ ব্রিকস লিমিটেড’ নামের একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনার কারণে ভাটার কিছু স্থাপনা ভেকু দিয়ে ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
অন্যদিকে, বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট এলাকায় অবস্থিত আরেকটি ইটভাটাকেও একই আইনের ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় ভাটাটির চিমনি ওয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশের ক্ষতি করা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

