5169
Loading ...

১৩ মাস পর ছৈয়দ আলম স্বপদে ফিরলেন

জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছৈয়দ আলম দীর্ঘ ১৩ মাস পর পুনরায় দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেছেন। আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন।

চেয়ারম্যান ছৈয়দ আলম কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাধারণ মানুষ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। দীর্ঘ বিরতির পর প্রিয় জনপ্রতিনিধিকে ফিরে পেয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন ছৈয়দ আলম। তবে একটি মামলার কারণে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। তাঁর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান আবুল কালাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আদালতের রায়ে ছৈয়দ আলমের পক্ষে সিদ্ধান্ত আসার পর তিনি দায়িত্বে ফিরতে সক্ষম হন।

দায়িত্ব গ্রহণের পর ছৈয়দ আলম বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত। ষড়যন্ত্রমূলকভাবে দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিলাম। আদালতের রায়ে সত্যের জয় হয়েছে। এখন আমার মূল লক্ষ্য হলো অবহেলিত জালিয়াপালং ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।”

তিনি ইউনিয়নের উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *