জয়দেব (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত চারটি আন্তর্জাতিক ফ্লাইট আনারও বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা আরও দুটি অ্যারাইভাল ফ্লাইট।
এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের
ফ্লাইট ওভি-৪০১ ঘন কুয়াশার কারণে ডাইভার্ট হয়ে ঢাকায় ফিরে যায়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক ঘণ্টা পর যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে আবারও ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

