জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার)
জীবিকার তাগিদে মরুভূমির দেশে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. রুবেল আহমদ (৩০)। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। গত বুধবার (৪ মার্চ) রাতে সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল আহমদ কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম।
তিনি জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। পরিবারের সদস্যরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন রুবেল। পথিমধ্যে নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে দ্রুতগামী একটি যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
প্রবাসে রুবেলের মর্মান্তিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে কুলাউড়া উপজেলার নাজিরের চক এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

