5169
Loading ...

বেনাপোলে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল

সৎ ও দক্ষ নাগরিক গঠনে শিবিরের ভূমিকার ওপর জোর এমপি মাওলানা আজীজুর রহমান

বেনাপোল (যশোর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) বাদ আসর বেনাপোলের দি সানরুফ হোটেলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, যশোর জেলা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদক মোঃ খালিদ হাসান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মেহেদী হাসান, সেক্রেটারি মোঃ আশরাফুজ্জামান রনি, সাহিত্য সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোহান, পৌর জামায়াতের আমীর মাওলানা রিয়াসাত আলী এবং ইসলামী ব্যাংকের বেনাপোল শাখার ব্যবস্থাপক আবুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল হাসান। এতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আজীজুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্র সংগঠন নয়; এটি একটি আদর্শিক শিক্ষালয়। এখানে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। তিনি বলেন, “দেশের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ করতে ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা অপরিহার্য। তরুণদের দেশ, সমাজ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। আয়োজকদের মতে, রমজানের এই আয়োজন ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *