এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে দোষী সাব্যস্ত হওয়ায় দুই জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (৪ মার্চ) দুপুরে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার বেলটিয়া ফকির বাড়ি গ্রামের মো. সুরুজ উদ্দিনের ছেলে সুজন (২৫) এবং জঙ্গলপাড়া গ্রামের মো. জমশের আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫)।
জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পি.পি অ্যাডভোকেট সুলতান মাহমুদ জানান, পুলিশ আসামী সুজনের নিকট হইতে ৪ গ্রাম হেরোইন এবং শফিকুল ইসলামের নিকট হইতে ৩ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করে। পরে গত ২০২১ সালের ১২ জুন সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
মামলাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য প্রেরিত হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক ৫ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথি পরীক্ষা করে তাদের দোষী সাব্যস্ত করে রায় প্রদান করছেন। এই রায়ে সুজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৮ (ক) দারায় ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. শফিকুল ইসলামকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৮ (ক) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একি সাথে তিনি আরও আদেশ দেন যে, সাজাপ্রাপ্ত আসামী সুজন ও শফিকুল ইসলাম অত্র মামলায় ইতোপূর্বে হাজতবাস করে থাকলে তা সাজার মেয়াদ গণনা হতে বাদ যাবে।
সরকার পক্ষে অতিরিক্ত পি.পি, এ্যাডভোকেট মো. সুলতান মাহমুদ এবং আসামী পক্ষে এ্যাডভোকেট মো. মুক্তার উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

