5169
Loading ...

ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

এম. বাদল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া সদর: ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে এক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালা ও সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব–এর সভাপতি জাবেদ রহিম বিজন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম বলেন, দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় অনেক সময় অপবাদ ও ভুল তথ্য যুক্ত হয়ে যায়, যা দীর্ঘদিনের অর্জন নষ্ট করে দিতে পারে। তিনি বলেন, সাংবাদিকতা অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, নইলে এর সামাজিক প্রভাব মারাত্মক হতে পারে। সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অপসাংবাদিকতার ক্ষেত্রে জেল-জরিমানার পরিবর্তে সতর্কতা ও পেশাগত শুদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি। কর্মশালা ও সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *