5169
Loading ...

ক্ষেতলালে মাছকে পঁচা ডিম খাইয়ে দুর্গন্ধ সৃষ্টি: পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মো রাসেল কাজী জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের খানদা হিন্দুপাড়ায় মাছের খাদ্য হিসেবে পঁচা ডিম ব্যবহারের অভিযোগে এক পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকায় তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই দণ্ড প্রদান করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, মামুদপুর ইউনিয়নের খানদা হিন্দুপাড়ায় অবস্থিত ‘মান্নার দিঘী’ নামক পুকুরে দীর্ঘদিন ধরে মাছকে খাবার হিসেবে পঁচা ডিম খাওয়ানো হচ্ছিল। এর ফলে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং চারপাশের পরিবেশ মারাত্মকভাবে অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা।

জনভোগান্তির বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই পুকুরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধন করার অপরাধে পুকুরের মালিককে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী ও অস্বাস্থ্যকর কাজ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এই অভিযান ও জরিমানা আদায়ের সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার স্যানিটারি ইন্সপেক্টর জনাব হারুন উর রশিদ, ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি জনাব আজিজার রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতায় নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *