5169
Loading ...

জয়পুরহাটের গোপীনাথপুরে আজ শুরু হলো ৫০০ বছরের ঐতিহ্যবাহী দোল পূর্ণিমা মেলা

মো রাসেল কাজী জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে প্রতিবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী দোল পূর্ণিমা মেলা। আজ ৩ মার্চ (মঙ্গলবার) থেকে দেশীয় প্রসিদ্ধ এই সামাজিক ও ধর্মীয় উৎসবের পর্দা উঠেছে। মেলাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে এখন সাজ সাজ রব ও উৎসবের আমেজ বিরাজ করছে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, গোপীনাথপুরের এই দোল পূর্ণিমা মেলা প্রায় ৫০০ বছরের পুরোনো এক সমৃদ্ধ ঐতিহ্য বহন করে আসছে। কালের পরিক্রমায় এটি এখন আর শুধু একটি নির্দিষ্ট ধর্মের উৎসব নেই, বরং দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের এক বিশাল সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো দর্শনার্থী, পুণ্যার্থী ও ব্যবসায়ীর সমাগম ঘটে এই মেলায়।

দোল পূর্ণিমার তিথি মেনে আজ থেকে শুরু হওয়া এই মেলা সাধারণত ১৫ দিন থেকে মাসব্যাপী স্থায়ী হয়। এই দীর্ঘ সময় ধরে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা ও আনন্দ-উৎসব।

মেলার সবচেয়ে বড় ও প্রধান আকর্ষণ হলো ‘ঘোড়দৌড়’ ও ‘ঘোড়া বেচাকেনা’। দেশের নানা প্রান্ত থেকে খামারি ও ব্যবসায়ীরা বিভিন্ন উন্নত জাতের ঘোড়া নিয়ে এই মেলায় আসেন। ক্রেতা-বিক্রেতাদের দরদাম এবং ঘোড়ার কসরত দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।

ঘোড়ার হাটের পাশাপাশি মেলায় বসেছে নাগরদোলা, সার্কাস এবং পুতুল নাচ। এছাড়া কাঠের দৃষ্টিনন্দন আসবাবপত্র, মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ-বেতের সামগ্রী, নানা স্বাদের মিষ্টিজাতীয় খাবার, প্রসাধন সামগ্রী ও শিশুদের খেলনাসহ হাজারো গ্রামীণ পণ্যের বিশাল পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

ঐতিহ্যবাহী এই মেলা উপলক্ষে গোপীনাথপুর ও এর আশপাশের গ্রামগুলোর প্রতিটি বাড়িতে এখন আত্মীয়-স্বজনদের ভিড়। মেয়ে-জামাইসহ দূর-দূরান্তের আত্মীয়দের আপ্যায়নের ধুম পড়ে যায় এই সময়ে।

মেলার আয়োজক কমিটি জানিয়েছে, মাসব্যাপী এই বিশাল আয়োজনে দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি মেলায় আগত লাখো মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যানজট নিরসনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *