মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে ভোররাতে পুলিশের অভিযানে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরেকজন পালিয়ে যায়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটার দিকে ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম।
অভিযানের সময় বাবু মুন্সী (৪৩) নামের এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মো. আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ায় আকবর শেখের পুকুরপাড়ের দক্ষিণ-পূর্ব কোণে কলাগাছের ঝোপের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রিভলবারটির গায়ে এক পাশে ‘MARK IV’ এবং অন্য পাশে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে। গুলির পেছনে ‘XF 7.65’ লেখা পাওয়া গেছে। চাকুটির দৈর্ঘ্য বাটসহ সাড়ে ১১ ইঞ্চি।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসিব দাবি করেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তিনি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

