গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদী মডেল থানা-র সাটিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে সাটিরপাড়া সংলগ্ন নরসিংদী প্লাজা শপিংমল-এর সামনে ফুটপাত থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সুমন আহমদ (২৫)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানা-র পশ্চিম লোহার মহল এলাকার বাসিন্দা সামসুদ্দিনের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি নরসিংদীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মো. ছানাউল্লাহ মিয়া বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের উৎস ও জড়িত মূল হোতাদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

