5169
Loading ...

রায়পুরায় সার্বিয়া-ইতালির ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে উধাও দালাল চক্র, শতাধিক পরিবার বিপর্যস্ত

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় সার্বিয়া ও ইতালিতে কাজের ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে একটি দালাল চক্র আত্মগোপনে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। প্রতারণার শিকার ভুক্তভোগীরা ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মেথিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, দালাল চক্রটি ইউরোপের দেশ সার্বিয়া ও ইতালি-তে বৈধভাবে কাজের ভিসায় পাঠানোর আশ্বাস দেয়। প্রতিজনের কাছ থেকে ৮ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। অনেকেই জমি বিক্রি করে, এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন তারা। কয়েক মাসের মধ্যে ভিসা ও ফ্লাইটের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি।

অভিযোগে বলা হয়, চক্রটির মূলহোতা খন্দকার কায়সার মাহমুদ বুলবুল। তার সহযোগীরা টাকা নেওয়ার পর মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। দালালদের অফিসেও গিয়ে তালা ঝুলতে দেখা গেছে বলে জানান ভুক্তভোগীরা। এছাড়া কয়েকজনকে শ্রীলঙ্কা ও মিশর-এ নিয়ে গিয়ে ব্ল্যাকমেইল করে অতিরিক্ত ২ থেকে ৪ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। টাকা ফেরত চাইলে প্রভাবশালী আত্মীয়দের নাম ভাঙিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে এক ভুক্তভোগী বলেন, বিদেশে গিয়ে কাজ করে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এখন ঋণের চাপে ঘরবাড়ি হারানোর উপক্রম হয়েছে। আরেকজন জানান, দুই ছেলেকে ইতালি পাঠানোর কথা বলে তার কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়া হয়েছে, অথচ দালালদের কোনো খোঁজ নেই।

ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, টাকা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। এ ঘটনায় থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়পুরার সাধারণ মানুষও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *