গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিবপুর উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে এবং শরিফপুর বাজারের সিমেন্টের খুঁটির ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ কারখানায় তৈরি সিমেন্টের খুঁটি ডেলিভারি দিতে ট্রাকে করে নরসিংদীর দিকে যাচ্ছিলেন সোহেল। ট্রাকটি সিএন্ডবি বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চালক ট্রাক নিয়ন্ত্রণের চেষ্টা করলে ট্রাকের ওপর বসে থাকা সোহেল ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকে থাকা সিমেন্টের খুঁটি তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবপুর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কূহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

