গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোনায়েদ ওই এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার নরসিংদী মডেল থানা-য় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটিকে জোনায়েদের মরদেহ হিসেবে শনাক্ত করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

