মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর এলাকায় আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়ন, মুন্সিকান্দি এলাকা। শিশুটি মোস্তাকিম (৮) ওই এলাকার আল আমিনের পুত্র।
শিশুর পিতা জানান, মোস্তাকিম খেলতে খেলতে আলু ক্ষেতে যায়। হঠাৎ বিস্ফোরণ হয় এবং তাকে আহত অবস্থায় পাওয়া যায়। পাশে ককটেল বিস্ফোরণের আলামত ছিল। পিতা দ্রুত কাপড় দিয়ে আহত শিশুর হাত-পা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যান।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানিয়েছেন, বিস্ফোরণে শিশুর ডান হাতের সব আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে এবং ডান পায়ে আঘাত লেগেছে। বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলমান।

