রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা চায়না ডে ২০২৫। এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসে নানা স্টল, যেখানে চীনা শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি খাবার বিক্রি করে এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদর্শন করে। বিশেষ আকর্ষণ হিসেবে তারা বিনামূল্যে আচারও বিতরণ করে। অনুষ্ঠানের অংশ হিসেবে Audi 801 হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ কনফারেন্স, যেখানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রেখে দুই দেশের শিক্ষা, সংস্কৃতি ও সহযোগিতার নানা দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। কনফারেন্স শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবেশন করা হয় খাবার, যার মধ্যে ছিল স্যান্ডউইচ, সমুচা, কেক ও মিষ্টি।
এরপর মূল অডিটোরিয়ামে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য, বিশেষ অতিথিবৃন্দ এবং চীনা শিক্ষার্থীরা। নৃত্য, সংগীত ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে আসর। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংস্কৃতির সাথে পরিচিত করানোর পাশাপাশি বাংলাদেশ ও চীনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

