5169
Loading ...

চট্টগ্রামের নাসিরাবাদে সরকারি লিজের জমি বেহাত: সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা

জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে সাবেক এক সাব-রেজিস্ট্রারসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৮ মার্চ) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল ইসলাম।

মামলার আসামিরা হলেন—
১. মো. হারুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক, বি কে টেক্স লিমিটেড।
২. মো. আবু তালিব খান, সাবেক সাব-রেজিস্ট্রার, চট্টগ্রাম সদর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার নাসিরাবাদ শিল্প এলাকার কয়েকটি প্লট ৯৯ বছরের জন্য ‘পাকিস্তান অক্সিজেন লিমিটেড’-কে লিজ দেয়। লিজের শর্ত অনুযায়ী সরকারের পূর্বানুমতি ছাড়া ওই জমি বিক্রি বা অন্য কোথাও বন্ধক রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ও প্রতারণার আশ্রয় নিয়ে ২০০৯ সালে একটি সাফ-কবলা দলিলের মাধ্যমে ওই জমি বিক্রি করেন। শুধু তাই নয়, ২০১০ সালে সরকারি কোনো অনুমতি ছাড়াই শিল্প প্লটগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে অতিরিক্ত জামানত হিসেবে বন্ধক রাখা হয়।

পরে ২০২৩ সালে একটি সংশোধনী ঘোষণাপত্র দলিলের মাধ্যমে আগের অনিয়মগুলো বৈধ করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ (সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) ও ১০৯ (সহায়তা) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ জালিয়াতির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *