মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নর বড় রায়পাড়া দক্ষিণ পাড়ায় মাসুম, কামাল ও দাদন বেপারীর ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা তিনটি সেমিপাকা বসতঘরে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীরা জানান, ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও মাছ ধরার জাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সহায়তা চান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর গজারিয়া ইউনিটের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
পরিবারগুলোর সদস্যরা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানি হয়নি। তবে সর্বস্ব হারিয়ে তারা মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছেন। কামালের স্ত্রী বিলকিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই সন্তান নিয়ে এখন আমাদের থাকার কোনো জায়গা নেই।”
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

