মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জর শ্রীনগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত ‘বিকাশ গ্যাং’ লিডারের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে যৌথ বাহিনী শ্রীনগরের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড শুটারগানের অ্যামোনিশন, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, বিকাশ স্থানীয় একটি চিহ্নিত গ্যাংয়ের নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।
উদ্ধার করা অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়ার জন্য বাংলাদেশ পুলিশ–এর শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলবে। পাশাপাশি সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

