মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নর পশ্চিমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফ্রান্স প্রবাসী পারভেজ তালুকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঠ ও টিন দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর সিরাজদিখান ইউনিটের দুটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের পরদিন ইউএনও রুম্পা ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৩০ হাজার টাকা, দুই বান ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল তুলে দেওয়া হয়।
ইউএনও জানান, পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

