
নরসিংদী প্রতিনিধি, গৌরব সাহা:নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান সড়কের পান্থশালা ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকির মুখে। ব্রিজের গায়ে বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের জীবনে নেমে এসেছে ভয় ও আতঙ্ক। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশের গ্রামের সাধারণ মানুষ ছাড়াও জনপ্রিয় পর্যটন এলাকায় প্রবেশের একমাত্র প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত দর্শনার্থীও এ ব্রিজ ব্যবহার করেন। কিন্তু ভাঙা অংশে সৃষ্টি হওয়া গর্ত দিন দিন আরও বিস্তৃত হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।বর্তমানে বিপজ্জনক স্থানটিতে সতর্কতা হিসেবে কেবল ডালপালা ও টেপ ব্যবহার করে চিহ্নিত করা হয়েছে। তবে তা একেবারেই অপ্রতুল এবং যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা—এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।পান্থশালা ব্রিজের ঝুঁকিপূর্ণ অবস্থায় ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কারকাজ শুরু না করলে যোগাযোগব্যবস্থার পাশাপাশি জনজীবনও মারাত্মক হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

