মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র জনাব মো. ফয়জুল করিম ময়ূনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু উপস্থিত ছিলেন। তারা জেলা বিএনপির আহবায়ক জনাব ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি নিজের দলীয় কর্মকাণ্ডেও গণতন্ত্র চর্চা করছে। তৃণমূলের ভোটে নেতৃত্ব নির্বাচন তারই প্রমাণ। তিনি নবনির্বাচিতদের উদ্দেশে বলেন, কাউন্সিলে যারা পরাজিত হয়েছেন তাদের নিয়েই সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, দলের নতুন নেতৃত্বের দায়িত্ব হলো তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করা এবং আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করার জন্য সততা, নিষ্ঠা ও ঐক্যের সাথে কাজ করা।

