5169
Loading ...

আনোয়ারায় ছাদ থেকে পড়ে কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ভবনের ছাদ থেকে পড়ে মহিম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার শোলকাটা এলাকায় হাসেম কমপ্লেক্স নামে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিহত মহিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার মো. কামালের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেল এলাকার পাশে নানাবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভবনটিতে শব্দ শুনে দারোয়ান বাইরে বের হয়ে দেখেন একজন যুবক ভবনের ওপর থেকে নিচে পড়ে আছেন। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র আরও জানায়, মহিম ‘কিশোর গ্যাং’ হিসেবে পরিচিত ‘সম্রাট’ নামে একটি গ্রুপের সদস্য ছিলেন। এর আগে একাধিকবার চুরির সময় তিনি হাতেনাতে ধরা পড়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর মঙ্গলবার সকালে কয়েকজন কিশোর দলবল নিয়ে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে নিহতের পরিবারের অভিযোগ, মহিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের খালা সানোয়ারা বেগম বলেন, “আমার বোনের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ভবন থেকে পড়ে মারা যায়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এদিকে লাশ ময়নাতদন্তের জন্য নেওয়ার সময় পুলিশ ও স্বজনদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *