রুহুল আমিন তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে এবং এজন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। তিনি উদাহরণ টেনে বলেন, এ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। অধিকাংশ ক্ষেত্রে বিড়ি-সিগারেটের আগুন, খড়ের পালা ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিনির্বাপণের বিশেষ মহড়া প্রদর্শন করে তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে ড্রামের আগুন এবং বহুতল ভবনের আগুন নির্বাপণের উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়।
এ মহড়ায় নেতৃত্ব দেন তাড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আতিকুল আলম। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

