সাহেব রেজা, সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় অঞ্চল শ্যামনগর উপজেলার আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের অধিকার রক্ষা ও উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)। সংস্থাটির উদ্যোগে সোমবার (৯ মার্চ) সকালে সামস্-এর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সংস্থাটির ৭ম বার্ষিক সাধারণ সভা–২০২৬।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি সুরঞ্জন শেখর মন্ডল।
এ সময় সংস্থার সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ মুন্ডা সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে উপকূলীয় অঞ্চলের মুন্ডা সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মুন্ডা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মুন্ডা।
সভা শেষে উপস্থিত সদস্যরা মুন্ডা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

