5169
Loading ...

নরসিংদীতে মেয়াদোত্তীর্ণ ‘প্রাণ’ মরিচের গুঁড়া বিক্রি: অসাধু চক্র আটক, ভিডিও ভাইরাল

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর স্থানীয় বাজারগুলোতে নামি ব্র্যান্ড ‘প্রাণ’-এর মেয়াদোত্তীর্ণ মরিচের গুঁড়া নতুন করে প্যাকিং করে বিক্রি করার সময় একটি অসাধু চক্রকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। রোববার (৮ মার্চ) বিকেলে নরসিংদীর একটি স্থানীয় বাজারে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী বিষয়টি ফেসবুক লাইভের মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন দোকানে গিয়ে অল্প দামে ‘প্রাণ’-এর মরিচের গুঁড়া সরবরাহ করছিল। তবে প্যাকেটের গায়ে মেয়াদের তারিখ ঘষামাজা করা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এক বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল তথ্য। দেখা যায়, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্যের প্যাকেটে কারচুপি করে নতুন তারিখ বসিয়ে তা বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন অসাধু চক্রটিকে আটক করে এবং বিষয়টি ফেসবুক লাইভে প্রচার করেন। ভিডিওতে বস্তাভর্তি মেয়াদোত্তীর্ণ মরিচের প্যাকেট ও সেগুলোর তারিখ পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম দেখা যায়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চিকিৎসকদের মতে, মেয়াদোত্তীর্ণ মরিচের গুঁড়া বা মশলা ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। মেয়াদ শেষ হওয়ার পর এসব মশলায় ছত্রাক বা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা থেকে ফুড পয়জনিং হতে পারে। এছাড়া দীর্ঘদিন এসব পণ্য সেবনে লিভার ও কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, পচে যাওয়া মশলায় ‘অ্যাফলাটক্সিন’ নামক বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

এ ঘটনায় স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আর না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *